ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনকালীন নির্বাহী আদেশের আওতায় আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ছুটি কার্যকর থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণে অংশগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ভোটদানে অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
